নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতিসহ তিন নেতা বহিষ্কার

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৭

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে দলীয় সিদ্ধান্ত ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির সভাপতিসহ তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে তাদের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন— চেয়ারম্যান প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, উপজেলা যুবদলের আহবায়ক আলেকজান্ডার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ।