ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৪:৩৬
 
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার দুপুরে বনানী পুলিশ বক্সের সামনে এই অভিযান শুরু হয়।
 
বনানীতে অভিযান পরিচালনা করার সময় ফিটনেসবিহীন ১০টি বাস আটক করে পুলিশ। এদিকে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের সময় গাড়ি আটক করলে অনেক যাত্রী দুর্ভোগে পড়েন।
 
অভিযান পরিচালনা করার কারণে যাত্রীবাহী বাসের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম।
 
এদিকে কারওয়ানবাজারে বিআরটিএ এই অভিযান পরিচালনা করেন। বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় চারজন চালককে সাতদিন করে জেল এবং দোষীদের বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে।
 
এছাড়াও ফিটনেসবিহীন গাড়ি ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারীদের মধ্যে কয়েকজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং করা হয়।