পুঁজিবাজারে বুধবারও সার্বিক মূল্য সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। এ নিয়ে টানা ৫ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ল। এ সময়ে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট। বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল বিবিধ খাত। এর পরই ছিল ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত। ব্যাংকিং খাতের ২৫টি কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে।
পুঁজিবাজারে লেনদেন হয়েছে এক হাজার কোটি টাকার কাছাকাছি। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ইউনাইটেড পাওয়ার কোম্পানির। কোম্পানিটি ঘিরে প্রায় ১০৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এতে জ্বালানি খাতের লেনদেন বেড়ে হয়েছে ১৯৫ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০২ কোটি ৩৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২৫ কোটি ৮৯ লাখ টাকা টাকা কম।
লেনদেনকৃত ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৬৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
