প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ায় চলমান ভারতীয় নমনীয় ঋণ সহায়তায় (এলওসি) বাড়তি ৬ কোটি ২০ ডলার ঋণ দিচ্ছে ভারত। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে—খুলনা-মংলা এবং কুলাউড়া-শাহবাজপুর রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ অর্থ যুক্ত হবে। এর ফলে ৮০ কোটি ডলার ঋণের আকার বৃদ্ধি পেয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার হচ্ছে।
২০১০ সালে ভারত বাংলাদেশের রেলওয়ে, যোগাযোগ, অবকাঠামোসহ অন্যান্য উন্নয়নে মোট এক বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বা ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়। যার মধ্যে ৮০ কোটি ডলার ঋণ সহায়তা এবং বাকি ২০ কোটি ডলার অনুদান ছিলো। ওই ঋণ সহায়তা দিয়ে বাংলাদেশের রেলওয়ে, যোগাযোগ, অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এরমধ্যে খুলনা-মংলা এবং কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে লাইন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে বেশি খরচ হওয়ায় অতিরিক্ত ৬২ মিলিয়ন ডলারের সমপরিমাণ মুদ্রার প্রয়োজন হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে আলাপ করে প্রকল্পটি বাস্তবায়নের জন্য অতিরিক্তি ওই মুদ্রা খরচের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বাংলাদেশকে দেয়া ভারতের প্রথম নমনীয় ঋণ সহায়তা (লাইন অব ক্রেডিট) ৮০ কোটি ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার হচ্ছে। দুই দেশ সংশোধিত এই ঋণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ভারতের এক্সিম ব্যাংক এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ইআরডির ১০০ কোটি ডলারের ঋণচুক্তি (্এলওসি) স্বাক্ষরিত হয় ২০১০ সালে ৭ আগষ্ট। ইআরডি সূত্রে জানা যায়—এওসিতে অন্তভুক্ত ১৪ প্রকল্পের মধ্যে ৭ প্রকল্প এরই মধ্যে সমাপ্ত হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে দ্বিতীয় এলওসির আওতায় আরো ২০০ কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেয় ভারত।
