রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিতের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ মিউচুয়াল ফান্ডটির লেনদেন স্থগিত থাকবে এবং ১ নভেম্বর ইফেক্টিভ ডেট নির্ধারণ করা হয়েছে। ক্রমান্বয়ে আরো সাতটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিষয়ে এই ঘোষণা আসবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আইসিবির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ইউনিটহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতে মেয়াদি মিউচুয়াল ফান্ডটি বেমেয়াদিতে রূপান্তর হতে পারে। আগামী ৩১ ডিসেম্বর এ মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তর করতে চাইলে সংশ্লিষ্ট ফান্ডের মেয়াদ পূর্তির অন্তত ১৫০ দিন পূর্বে রূপান্তর-সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর বাধ্যবাধকতা রয়েছে। লেনদেন স্থগিতের পরদিন ফান্ডের যাবতীয় সম্পদ ও এর দায়ের নিয়ন্ত্রণ চলে যাবে ট্রাস্টির কাছে। পরে ট্রাস্টি নিরীক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে এবং ইউনিটহোল্ডারদের সভায় এর অনুমোদন নিতে হবে। ইফেক্টিভ ডেটের (লেনদেন স্থগিতের পরদিন) ১০ দিনের মধ্যে রূপান্তরে সম্মতি নিতে ইউনিটহোল্ডারদের সভা পরিচালিত হতে হবে।
ওই সভার পরবর্তী চার দিনের মধ্যে বেমেয়াদি ফান্ডে রূপান্তরে স্পেশাল রেজুলেশন, ব্যালট পেপার, সভার নিরবচ্ছিন্ন ভিডিওচিত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্ট বিএসইসিতে পাঠাবে ট্রাস্টি।
