নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন- আবদুল বাতেন (৩২)। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায়। তবে সঙ্গে থাকা তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বেলা ১১টার দিকে গাজীপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়কের সোনারগাঁও উপজেলার নানাকি এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান মদনপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুল বাতেন ও সঙ্গে থাকা তরুণীর মৃত্যু হয়।
কাভার্ডভ্যান ও ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
