শ্রীনগরে অর্ধশত যাত্রী নিয়ে বাস খাদে, ১ লাশ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৬:৫৯

ঢাকা-মাওয়া সড়কে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বটতলা নামক স্থানে ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে রওনা হয় আরাম পরিবহনের বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জনের লাশ ও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হাসাঢ়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ মোহাম্মদ হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পানিতে ডুবে থাকায় হতাহতের সংখ্যা গণণা করা যায়নি। এ পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট রেকারদিয়ে বাস উদ্ধারের কাজ করছে।