কমলাপুর স্টেশন পরিদর্শন
বিশেষ প্রতিনিধি
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অব্যবস্থাপনা, অনিয়ম দূরের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়নে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আল্টিমেটাম দেন।
রেলপথমন্ত্রী বলেন, কমলাপুর রেলস্টেশনের সার্বিক কার্যক্রম দেখতে পরিদর্শন করেছি। তাদের কার্যক্রমে আমি সন্তুষ্ট হতে পারিনি। তাই এসব অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করতে এখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক মাসের সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সংশোধন না হলে ব্যর্থতার দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে যাত্রীসেবার মান বাড়ানো হবে উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, আজ ৫ তারিখ (গতকাল) অর্থাত্ আগামী ৫ এপ্রিল আবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করবো। ওই সময়ের মধ্যে তাদের সংস্কার করতে হবে। পরিবর্তন না হলে ব্যবস্থা।
রেল ব্যবস্থাপনায় চমক আনতে রেলপথকে ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১০টি মেগা প্রকল্পের দুটিই রেল খাতের। এছাড়া রেল ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কালোবাজারি রোধে বর্তমানে একটি ট্রেনে (ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন সোনার বাংলা ট্রেন) টিকিট বিক্রিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রমে ভালো সাড়া পেলে পর্যায়ক্রমে সব ট্রেনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।
