শেখ হাসিনার মতো নেত্রী যে কোনো জাতির জন্য সৌভাগ্যের :স্পিকার

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত প্রতিশ্রুত ও অঙ্গীকারাবদ্ধ নেত্রী পাওয়া যে কোনো জাতির জন্য সৌভাগ্যের বিষয়। একাদশ সংসদে প্রধানমন্ত্রী প্রথম অধিবেশনের প্রথম ১০ বৈঠকেই ৫০টি স্থায়ী কমিটি গঠন করেছেন। তিনি সংসদে বসেই কমিটিতে সংসদ সদস্যদের নামসমূহ অন্তর্ভুক্ত করেছেন, যা তার কর্মের একনিষ্ঠতার প্রমাণ বহন করে। প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটিসমূহের রেকর্ড সংসদে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষণ করা হবে।

গতকাল স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক এডভাইজার রেদওয়ান মুজিব সিদ্দিকের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা জানান। প্রতিনিধি দলটি এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

রেদওয়ান মুজিব সিদ্দিক সংসদ সদস্যদের এসডিজি’র সাথে যুক্ত করতে এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করতে জাতীয় সংসদের সাথে কাজ করতে চান বলে স্পিকারকে অবহিত করেন। এ উদ্যোগের প্রশংসা করে স্পিকার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সে লক্ষ্যে আগামী ১০ মার্চ সংসদ ভবনের শপথ কক্ষে ১৫ জন মনোনীত সংসদ সদস্যকে নিয়ে এসডিজি বিষয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রেদওয়ান মুজিব বলেন, সংসদ সদস্যদের যথাযথ অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে এসডিজি’র সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।