সেন্ট্রাল রোডে বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১১:০৬
রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটায় ১৪ নম্বর বাড়ির ছয় তলায় এই ঘটনা ঘটে। 
 
কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এই বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- সাদিকুন নাহার পান্না (২৬)। তিনি নেত্রোকোনা সরকারি কলেজে ইসলামি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে।  পান্নার ছোটো ভাই দেলোয়ার হোসেনের (২৪) ৪ ভাগ পুড়ে গেছে। তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আর তাদের মামা ফজলুর রহমানের শরীরের ১৬ ভাগ পুড়ে গেছে। তিনি প্রজেক্ট বিল্ডার্সের জেনারেল ম্যানেজার। তারা ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন।
 
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পান্নার অবস্থা আশঙ্কাজনক।
 
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে এসিতে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।