গোপালগঞ্জে বাস খাদে পড়ে ১ জনের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৩:৩২


গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আলাউদ্দিন সিকদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরা কমপক্ষে ২০ জন।

শনিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের মৃত সউদ সিকদারের ছেলে।

মারাত্নক আহত চারজনকে গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এস.আই আবু নাঈম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি লোকাল বাস (নং টাঙ্গাইল জ ০৪০০৬০) কংশুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।