আরো চার বছরের জন্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির সাথে চুক্তি নবায়ন করেছেন ম্যানেজার হোসে মরিনহো। অর্থ্যাত্ ২০১৯ সাল পর্যন্ত মরিনহোর সার্ভিস পাচ্ছে ব্লুজরা। ক্লাব সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০০৪-০৭ সাল পর্যন্ত চেলসির দায়িত্বে ছিলেন ৫২ বছর বয়সী মরিনহো। ২০১৩ সালে পুনরায় স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেয়ার পরে গত বছর চেলসিকে লিগ শিরোপা ও লিগ কাপ শিরোপা উপহার দেন।
নতুন করে চুক্তি করার পর ক্লাবের ওয়েবসাইটে মরিনহো বলেছেন, ‘যখন আমি এখানে ফিরেছিলাম তখনই বলেছিলাম চেলসির প্রতি আমার বিশেষ অনুভূতি আছে এবং এখনো তার কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি নতুন করে চুক্তিতে স্বাক্ষর করাটাই আমার জন্য স্বাভাবিক। এভাবে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। আশা করছি ভবিষ্যতে সমর্থক, খেলোয়াড় ও ক্লাবের জন্য আরো বেশী সাফল্য আমরা উপভোগ করতে পারবো।’
খবর বাসসের।
