পশ্চিমবঙ্গে কলেজ-ছাত্র হত্যা: কংগ্রেসের ধর্মঘট

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৬:৪৪
 
পশ্চিম মেদিনীপুর জেলার সজনীকান্ত মহাবিদ্যালয়ের তৃতীয়বর্ষের ছাত্র হত্যার প্রতিবাদে ধর্মঘট ডেকেছে কংগ্রেস। শুক্রবার দুপুরে ওই ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।  এ দিকে এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এনডিটিভির।
 
এ হত্যার ঘটনায় ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। এ ছাড়া শনিবার বেলা ১১টা থেকে রাস্তা অবরোধ করার কর্মসূচিও রয়েছে ছাত্রদের। অন্য দিকে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিজেপি ও সিপিআইএম।
এদিন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সাবাংয়ে কলেজ গেটের কাছে কংগ্রেস সমর্থক কৃষ্ণপদ জনাকে লাঠি এবং লোহার রড দিয়ে পেটায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। পরে হাসপাতালে নেয়ার পথে জনার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। তবে তৃণমূল ছাত্র পরিষদ এ অভিযোগ অস্বীকার করেছে।
 
এ দিকে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র উইং উভয়ই জনাকে তাদের সদস্য বলে দাবি করেছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ ঘটনা দুর্ভাগ্যজনক তবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি) এতে জড়িত নয়। এটা ছাত্রদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। কলেজের প্রিন্সিপাল অবরুদ্ধ ছিলেন। এ ছাড়া, মাথায় আঘাত লাগার কারণে ঐ ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ প্রতিবেদক জানায়—পশ্চিমবঙ্গের পানি সম্পদ গবেষণা ও উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানালে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমর্থক ছাত্রদের  সংঘর্ষ বাধে। এর  পরেই ঐ ছাত্র হত্যার ঘটনা ঘটলো। তবে ঐ ঘটনার সময় মন্ত্রী মহাপাত্র সেখানে ছিলেন না বলেও জানান তিনি।
 
টিএমসিপি জেলা সভাপতি প্রযুথ ঘোষ প্রেস টাস্ট অব ইন্ডিয়াকে জানান—ছাত্র পরিষদগুলোর মধ্যে প্রভাব বিস্তারের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এতে ৪ জনকে হাসাপতালে ভর্তি করা হয়েছে।