জেলার কেন্দুয়া উপজেলায় কলেজ ছাত্র আব্দুল মজিদের খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশের সড়কে এ মানববন্ধন করে। এতে কলেজ অধ্যক্ষ মাহবুব আলমসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের দ্বিপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কলেজ ছাত্র আব্দুল মজিদ। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
