গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ২২ শতাংশ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৯:৩৯
 
 
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন হয়েছে ৮২৭ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৬৭৬ কোটি ৬৭ লাখ লাখ টাকা। অর্থাত্ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২২ দশমিক ২৯ শতাংশ।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে  লেনদেন হয়েছে ৪ হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৮৩ কোটি ৩৬ লাখ টাকা।
 
এদিকে গত সপ্তাহে শেয়ার সূচক বাড়ায় সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৯০ শতাংশ। বর্তমানে ডিএসইর পিই  রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৮৬ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৬ দশমিক ৭১ পয়েন্ট। অর্থাত্ আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে ৭২ দশমিক ১৪ পয়েন্ট।
 
বর্তমানে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭ দশমিক ৩৪ পয়েন্টে, আর্থিক খাতের ১৬ দশমিক ৬১, প্রকৌশল খাতের ২৬ দশমিক ৪৩, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১৩ দশমিক ৩৭, বস্ত্র খাতের ১১ দশমিক ৪৭, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ৯৫, বীমা খাতের ১৬ দশমিক ৪৫, বিবিধ খাতের ৩০ দশমিক ৩৯, এবং টেলিযোগাযোগ খাতের ২১ দশমিক ৭৫।
 
এ দিকে, গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৫৮ কোটি টাকা। সপ্তাহশেষে তা বেড়ে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।  কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।
 
সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৫৬ শতাংশই লেনদেন হয়েছে এ কোম্পানির। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে দেড় হাজার  কোটি করার অনুমোদন দেয়।
 
সম্প্রতি কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেয়। জানা গেছে,  কোম্পানিটি দেশি ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা তুলবে। এর জন্য কোম্পানিটি ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ছাড়বে। যা বিএসইসির অনুমোদনের পরই করা সম্ভব হবে।