রাজস্ব কর্মকর্তাদের বদলিতে তদবির বাণিজ্য ঠেকাতে বদলিতে নীতিমালা করতে যাচ্ছে রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিকভাবে কাস্টমস ক্যাডারে এটি চালু করা হচ্ছে। এরই মধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী রাজস্ব কর্মকর্তারা নিজ জেলায় বদলি হতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন করা হবে। বিভিন্ন অফিসের গুরুত্ব বিবেচনায় চারটি ক্যাটাগরিতে ভাগ করে নীতিমালার আলোকে বদলি করা হবে। এ ছাড়া, কোনো কর্মকর্তাই ঢাকায় স্থায়ীভাবে অফিস করতে পারবেন না। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খসড়া নীতিমালা অনুযায়ী, ‘ক’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল কাস্টমস হাউস, ঢাকা বন্ড কমিশনারেট, চট্টগ্রাম বন্ড কমিশনারেট, কমলাপুর আইসিডি ও মংলা কাস্টমস হাউস। ‘খ’ গ্রুপে রয়েছে বৃহত্ করদাতা ইউনিট (ভ্যাট), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভ্যাট কমিশনারেট এবং চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। ‘গ’ গ্রুপে রয়েছে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ অধিদফতর, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, পানগাঁও কাস্টমস হাউস এবং সিলেট, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা ও যশোর ভ্যাট কমিশনারেট। ‘ঘ’ গ্রুপে রয়েছে ভ্যাট (আপিল) কমিশনারেট ঢাকা-১, ঢাকা-২, চট্টগ্রাম, খুলনা, চট্টগ্রাম কাস্টমস, একসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। খসড়া নীতিমালায় এসব গ্রুপের মধ্যে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপভুক্ত অফিসে কর্মকর্তাদের দায়িত্বকাল দুই বছর এবং ‘ঘ’ গ্রুপভুক্ত অফিসে দায়িত্বকাল এক বছর করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ঘ’ গ্রুপের কর্মকর্তারা দায়িত্বকাল বাড়াতে পারবেন।
এ ছাড়া, কাস্টমস হাউসে বদলির ক্ষেত্রে কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে। তবে কোনো কর্মকর্তাই নিজ জেলায় বদলি হতে পারবেন না। খসড়া নীতিমালা অনুযায়ী, ‘ক’ গ্রুপভুক্ত কর্মকর্তাকে এক অফিস থেকে অন্য অফিসে বদলি করা যাবে না। অর্থাত্ কোনো কর্মকর্তা যদি চট্টগ্রাম কাস্টমসে দুই বছর কর্মরত থাকেন, পরবর্তী সময়ে তাকে ‘ক’ গ্রুপভুক্ত অন্য কোনো দফতরে বদলি করা হবে না।
এর বাইরে অন্যান্য গ্রুপভুক্ত অফিসে তাকে বদলি করতে হবে। এছাড়া কোনো কর্মকর্তা ‘ক’ গ্রুপভুক্ত ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম কাস্টমস হাউস এবং ঢাকা বন্ড কমিশনারেটে দুই বার দায়িত্ব পালন করলে পরবর্তী সময়ে তাকে এসব অফিসে বদলি করা হবে না। ‘ক’ গ্রুপভুক্ত অফিসে বিরতিসহ ১০ বছর কর্মরত থাকলে তাকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে এই গ্রুপের কোনো অফিসে পদায়ন করা যাবে না।
এ ছাড়া, ঢাকায় যেকোনো গ্রুপের দুটি অফিসে পদায়িত থাকলে পরবর্তী সময়ে তাকে ঢাকার বাইরে বদলি করা হবে।
অর্থাত্ কোনো কর্মকর্তা যদি ‘ক’ গ্রুপভুক্ত ঢাকা কাস্টমসে এবং ‘গ’ গ্রুপভুক্ত পানগাঁও কাস্টমসে কর্মরত থাকেন পরবর্তী সময়ে তাকে ঢাকা বাইরে অন্য কোনো গ্রুপ অফিসে বদলি করা হবে।
এ ছাড়া, নন-গেজেটেড কর্মচারী থেকে পরীক্ষা দিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পাঁচ বছরের মধ্যে তার মূল অফিসে বদলি করা হবে না। নীতিমালা বাস্তবায়নে কর্তৃপক্ষের ওপর কর্মকর্তারা হস্তক্ষেপ বা তদবির করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে না। তবে কর্মকর্তার সুনাম, দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে এনবিআর চাইলে কর্মকর্তাদের বদলি করতে পারবে।
