বাংলাদেশের পোশাক শিল্পের বড় বাজার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। জিএসপি বা অগ্রাধিকারের সাধারণ নীতিমালা অনুযায়ী শুল্ক ও কোটামুক্ত সুবিধায় ওই বাজারে এ দেশের পোশাক রফতানি হয়ে থাকে। ভবিষ্যতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলে ইইউ জিএসপি প্লাস চালু করবে। নতুন এ ব্যবস্থায় সুবিধা পেতে বাংলাদেশকে বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে। ওই সব কার্যক্রম এখন থেকেই শুরু করার আহ্বান জানালেন ইইউ পার্লামেন্ট মেম্বার ও দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য ড. সাজ্জাদ করিম।
শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিজিএমইএ আয়োজিত এ সভায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান কচি, শহিদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ, সাবেক সহসভাপতি ফারুক হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
