বরিশালে নৌ-আদালত হবে: নৌপরিবহনমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২৩:৩০
 
 
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ-দুর্ঘটনা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বরিশালে একটি নৌ-আদালত প্রতিষ্ঠা করা হবে। রবিবার নারায়নগঞ্জে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
শাজাহান খান বলেন, নৌযান শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। সরকারের গত মেয়াদে বরিশালে ও মাদারীপুরে দুইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
 
তিনি বলেন, নৌ-দুর্ঘটনা রোধে নৌযান শ্রমিক বিশেষ করে বালুবাহী বাল্কহেড কার্গোর শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। নৌযান মালিক শ্রমিক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতাই দুর্ঘটনা হ্রাস করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
 
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান শুক্কুর মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম সেলিম ওসমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল এবং ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. এমদাদুল হক বাদশা।-বাসস।