ল্যাজিওকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জুভেন্টাসের

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৬:২২
 
দুই নতুন স্ট্রাইকারের কল্যাণে মৌসুমের প্রথম শিরোপা জয় করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার চায়নায় অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপে ক্রোয়েশিয়ান ও আর্জেন্টিনার দুই স্ট্রাইকার মারিও মানজুকিচ এবং পাওলো দাইবালার গোলে ল্যাজিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জুভরা। তুরিনের ক্লাবটির হয়ে এই দুই স্ট্রাইকারের এটাই ছিল অভিষেক ম্যাচ।
 
চলতি গ্রীষ্মে ১৯ মিলিয়ন ইউরোতে মানজুকিচ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে এবং দাইবালা ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
 
সাম্প্রতিক বছরগুলোতে ইতালিয়ান সুপার কাপ বেশ কয়েকবারই ইতালির বাইরে অনুষ্ঠিত হয়েছে। ২০০৯, ২০১১ ও ২০১২ সালে বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে-এর আগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খবর বাসসের।