পেসার জেমস এন্ডারসনকে দলে রেখেই অস্ট্রেলিয়া বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এন্ডারসন স্কোয়াডে ফেরায় বাদ পড়লেন ডার্বিশায়ারের পেসার মার্ক ফুটিট।
বার্মিংহামে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সাইড স্ট্রেইনের ব্যথায় মাঠ ছাড়েন এন্ডারসন। ফলে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে পারেননি তিনি। তবে এন্ডারসনের দলে না থাকাটা বুঝতেই দেননি দলের অন্যান্য পেসাররা। বার্মিংহাম টেস্টের বাকি সময় ও নটিংহ্যাম টেস্টে বল হাতেই অস্ট্রেলিয়াকে কাবু করেছেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও স্টিভেন ফিন। তাদের দুর্দান্ত নৈপুণ্যে তৃতীয় ও চতুর্থ টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ পুনরুদ্ধার নিশ্চিত করে ইংল্যান্ড।
চতুর্থ টেস্ট খেলতে না পারলেও পঞ্চম টেস্টে এন্ডারসনের খেলাটা এক রকম নিশ্চিতই ছিলো। কারণ পঞ্চম টেস্টের আগে বিশ্রাম পাওয়ার জন্য বেশ সময় পেয়েছেন এন্ডারসন। তাই এন্ডারসনকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করে ইসিবি। আগামী ২০ আগস্ট থেকে ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
ইংল্যান্ড স্কোয়াড: এলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এডাম লিথ, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রু, বেন স্টোকস, মার্ক উড ও জেমস এন্ডারসন।
খবর বাসসের।
