স্বাগতিক ইংল্যান্ডের কাছে সিরিজ হাত ছাড়া করার পর সতীর্থদেরকে ধৈর্য্য ধারণ করে সিরিজের পরের ম্যাচে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। শনিবার ট্রেন্ট ব্রিজে ইংলিশদের কাছে ইনিংস ও ৭৮ রানে পরাজিত হয়ে ৩-১ ব্যবধানে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজ হাত ছাড়া হওয়ার পর এ মন্তব্য করেন ক্লার্ক।
ম্যাচ শেষে বর্ণাঢ্যা ক্যারিয়ারের মাঝ পথ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন অসি অধিনায়ক। চলতি মাসের শেষভাগে ওভালে সিরিজের সমাপনী ম্যাচ শেষেই অবসর গ্রহণ করবেন ক্লার্ক।
সিরিজের সূচনালগ্নেই দীর্ঘদিন ধরে হাটুর ইনজুরিকে লালন করা ফাস্টবোলার রায়ান হ্যারিস ক্যারিয়ারের ইতি টানেন। এরও আগে দলের ওপেনিং ব্যাটসম্যান ক্রিস রজার্স বলেছিলেন, যে এই সিরিজটিই হবে তার ক্যারিয়ারের শেষ অ্যাশেজ।
অস্ট্রেলিয়ার হয়ে এটি শেষ অ্যাশেজ সফর হতে পারে দলের উইকেট রক্ষক ব্রাড হাডিন, অল রাউন্ডার শেন ওয়াটসন, ব্যাটসম্যান এডাম ভগেস ও শন মার্স ও ফাস্ট বোলার পিটার সিডেলেরও।
ট্রেন্টব্রিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১১৪ টেস্টে অংশ নেয়া ৩৪ বছর বয়সী ক্লার্ক বলেন, ‘আমাদের যে ধৈর্য্য ধারণ করতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে। যদিও এ জন্য সময়ের প্রয়োজন।’
মাত্র তিন দিনের মধ্যে অসিদের টেস্ট হারের এই নতুন ঘটনাটি তাদের জন্য তৃতীয় টেস্টে বার্মিংহামের এজবেস্টনে ৮ উইকেটে হারের চেয়েও বেশী বিব্রতকর। ট্রেন্টব্রিজের এই ম্যাচে মাত্র ৯৪ মিনিটের মধ্যেই অস্ট্রেলীয়দের প্রথম ইনিংস গুঁটিয়ে যায়। এ সময় তারা ১৮.৩ ওভারে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয়। এটি টেস্ট ইতিহাসে যে কোনো দলের প্রথম ইনিংসে সর্বনিন্ম সংগ্রহের ঘটনা। স্বাগতিক ইংলিশ দলের হয়ে মাত্র ১৫ রানে ৮ উইকেট দখল করেন স্টুয়ার্ট ব্রড। ফলে ক্যারিয়ারে ৩০০ টেস্ট উইকেটের মাইলফরক স্পর্শ করেন তিনি।
অসি অধিনায়ক বলেন, ‘আমরা অপেক্ষাকৃত সেরা দলের কাছেই পরাজিত হয়েছি। পুরো সিরিজেই তারা আমাদের কোনঠাসা করে রেখেছিল।’ মাত্র ১৮ মাস আগে যে দলটিকে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া সেই দলটিই তার ভাষায় অসিদের ‘তলে ফেলে দিয়েছে।’
খবর বাসসের।
