কোহলির কাছে ভারতের প্রত্যাশা অনেক বেশি: কালুভিথারানা

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৩:১৬

বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারত-শ্রীলংকা তিন ম্যাচ টেস্ট সিরিজ তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন লংকান সাবেক উইকেটরক্ষক রমেশ কালভিথারানা। তার মতে, এর আগে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ায় শ্রীলংকার জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এ সিরিজে ভারতের সাফল্য অনেকটা নির্ভর করছে তাদের বিরাট কোহলির উপর, অধিনায়কের কাছে দলের প্রত্যাশা অনেক বেশি।

সর্বশেষ ২০১০ সালে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল ভারত। সেবার ভারতের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর এবার বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবারের মতো শ্রীলংকার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া।

তবে অনেকেই মনে করছেন আসন্ন সিরিজে ভারতের সাফল্য অনেকখানি নির্ভর করছে কোহলির পারফরমেন্সের ওপর। সেই মনে করাদের তালিকায় আছেন শ্রীলংকার ’৯৬-এর ওয়ানডে বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক কালুভিথারানাও। তার মতে, ‘ক্রিকেটে ভারতের প্রত্যাশা অনেক উঁচুতে থাকে। আর কোহলির দিকেই তাকিয়ে রয়েছে পুরো ভারত। কোহলির কাছে ভারতের প্রত্যাশা অনেক বেশি রয়েছে। লংকান সফরে দলের সাফল্যও নির্ভর করছে ভারতের দলপতির পারফরমেন্সের উপর। আমি নিশ্চিতভাবে বলতে পারি, কোহলি পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন এবং জয়ের জন্য ক্ষুধার্ত।’

মূল লড়াইয়ে নামার আগে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ভারত। ম্যাচটি ড্র হলেও ভারতীয় দলের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। তারকারা রান না পেলেও, দলের অন্য ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিলো বলার মতো। সেই সাথে বোলাদের পারফরমেন্সও ছিলো দুর্দান্ত। বিশেষভাবে পেসার ইশান্ত শর্মা। প্রথম ইনিংসে ২৩ রানে ৫ উইকেট শিকার করেন ইশান্ত।

এই ম্যাচে ভারতীয় দলের প্রস্তুতি সামনা-সামনি দেখার সুযোগ ঘটেছে কালুভিথারানার। কারণ, শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলের কোচ ছিলেন তিনি। তাই সিরিজ শুরুর আগে ভারতীয় দল নিয়ে নিজের মন্তব্যও করেন কালুভিথারানা, ‘ভারতের এই দলটি অনেক ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান ও বোলাররা দারুণ পারফরমেন্স করেছে। বিশেষভাবে তাদের বোলিংয়ে আমি মুগ্ধ। তাদের ব্যাটসম্যানরা উইকেটে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেনি। তারপরও টেস্ট সিরিজের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।’

শুধুমাত্র ভারতই নয়, নিজ দেশ শ্রীলংকা নিয়েও কথা বলেছেন কালুভিথারানা। আসন্ন সিরিজটি শ্রীলংকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যা দিতে গিয়ে কালুভিথারানা বলেন, ‘এই সিরিজটি শ্রীলংকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিরিজে মোটেও ভালো করতে পারেনি তারা। নিজ মাঠে তিন ফরম্যাটেই খারাপ খেলেছে লংকানরা। তাই এই সিরিজটি শ্রীলংকার জন্য ঘুড়ে দাড়াঁনোর। সেই সাথে সাঙ্গাকারাকে ভালোভাবে বিদায় দেয়ার দারুন এক সুযোগ শ্রীলংকা দলের সামনে। সিরিজ জিতে সাঙ্গাকারাকে বিদায় দিতে পারলে, সেটি হবে দলের জন্য আরও বড় অর্জন।’

সিরিজের প্রথম দু’টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সাঙ্গাকারা। অর্থাৎ কলম্বোর পি.সারা ওভালে ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টই হবে সাঙ্গাকারার শেষ আন্তর্জাতিক ম্যাচ। মাহেলা জয়াবর্ধনের পর সাঙ্গাকারার মত অন্যতম সেরা ব্যাটসম্যানকে হারাতে যাচ্ছে শ্রীলংকা। এই দুই সেরা ব্যাটসম্যানকে লংকানরা মিস করবে বলে জানান কালুভিথারানা, ‘অবশ্যই আমরা তাদের অভাব অনুভব করবো। তারা অন্যতম সেরা খেলোয়াড়। তাদের অভাব পূরনের জন্য তরুন খেলোয়াড়দের বের করে আনবে বোর্ড। আর তরুনরা এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রীলংকা ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছি।’