গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৪:০৪
গাইবান্ধার সাদুল্লাপুরে সোমবার যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক জাহেদুল ইসলাম (৩০) ও তার সহকারী  মিজান মিয়া (২৫) মারা গেছেন। এসময় অন্তত ৮ বাস যাত্রী আহত হয়েছেন। 
 
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের অদূরে বত্রিশমাইল নামক এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই এলাকায় বগুড়াগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক, তার সহকারী ও বাসে থাকা ৮ যাত্রী আহত হন।
 
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, গুরুতর আহত ট্রাকের চালক ও তার সহকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
 
তিনি আরও জানান বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।