গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে সোহেল খান (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। সোহেল জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ডাদেশ দেন।
ওই আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শাহজাহান জানান, স্থানীয় আজমতপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী (৮)২০১৩ সালের ২ জুলাই রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাবা ও মায়ের সাথে ঘরের বাইরে বের হয়। এ সময় চুপিসারে সোহেল খান ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে সবাই ঘুমিয়ে পড়লে তাকে পাশের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে তার দাদা এগিয়ে গিয়ে দণ্ডপ্রাপ্ত সোহেলকে দেখতে পান।পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই মামলা করলে পুলিশ সোহেলকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ তাকে অভিযুক্ত করে ওই বছরের ২ অক্টোবর আদালতে চার্জসিট দাখিল করেন।
