রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক সমসের হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলার অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মহানগরীর সুজানগর এলাকার রুবেল হোসেন আদম, শামীম হোসেন, হাসান সজিব, সুমন হোসেন ও মতিউর মতি। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মহানগরীর গুড়িপাড়ার বাপ্পি ও ওসমান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুলাই নগরীর সুজানগর এলাকায় চালক সমসেরকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন পুলিশ একটি হত্যা মামলা করে।
প্রথমে অজ্ঞাত অবস্থায় ওই অটোচালকের লাশ উদ্ধার করলেও পরে তার পরিচয় মেলে। ওই ঘটনায় পুলিশ সাতজনকে আটক করে। এদের মধ্যে পাঁচজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেন। বাকি দুইজন হত্যাকাণ্ডের পর ছিনতাইকৃত অটোরিকশা কিনে নেয়ার কথা স্বীকার করেন। এরপর পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
