টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ঢাকা ওয়াসা

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৮:২১
 
ঢাকা ওয়াসাকে নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। সোমবার ওয়াসা ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ওয়াসার ঐতিহ্য ও সুনাম নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে আমরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
 
তাকসিম এ খান তার লিখিত বক্তব্যে বলেন, ‘টিআইবির এই গবেষণায় বিভিন্ন সিভিল সোসাইটি, সরকারি-বেসরকারি সংস্থাসহ স্বপ্রণোদিত হয়ে অনেক ব্যক্তিবর্গ  মূল্যবান তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন তৈরিকালীন সময়ে ঢাকা ওয়াসার কোনো পদস্থ কর্মকর্তা বা নীতি নির্ধারকদের সাথে কথা বলা হয়নি। অথচ এ রকম একটি সংবেদনশীল গবেষণা রিপোর্টে সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট কারিগরি-আর্থ-সামাজিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা আবশ্যক, যা এই রিপোর্টে অনুপস্থিত।’
 
তিনি বলেন, ‘টিআইবির রিপোর্টের সার-সংক্ষেপ পর্যালোচনা করলে দেখা যায় যে, যে কনটেন্ট এর উপর ভিত্তি করে রিপোর্টটি দাঁড় করানো হয়েছে তা বাস্তবতা বিবর্জিত। কেননা যে কোনো সরকারি বা পাবলিক প্রকল্প শুরু থেকে অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত বাস্তবায়নকালীন সময়ে এটা যথাযথভাবে পরীক্ষা, নিরীক্ষা, মনিটরিং, মাননিয়ন্ত্রণ, মাননিশ্চিতকরণ ইত্যাদি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। সরকারের বিভিন্ন তদারককারী কর্মকর্তা, প্রশাসনিক মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদীয় স্থায়ী কমিটি এবং সংশ্লিষ্ট দাতা সংস্থার প্রতিনিধি কর্তৃক এসব প্রকল্পের তদারকী ও মনিটরিং হয়ে থাকে। সময়ে সময়ে প্রকল্পের বিভিন্ন পরিদর্শন প্রতিবেদন তাদের কাছে পাঠাতে হয়।  প্রকল্প মনিটরের এই প্রক্রিয়াগত তথ্যের বিষয়টি টিআইবি কনসালটেন্ট কর্তৃক সংগ্রীহিত ডাটায় অনুপস্থিত বলে প্রতিয়মান হচ্ছে।
 
এছাড়াও ইউনেসকো’ থেকে ঢাকা ওয়াসার পুরস্কার পাওয়া নিয়েও রিপোর্টে যে মতামত দেয়া হয়েছে তাও বাস্তবতা বিবর্জিত। গবেষণায় মতামত দেয়া ব্যক্তিবর্গও কনসালটেন্ট এর কাছে অজ্ঞাতনামা, যারা ঢাকা ওয়াসায় দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং অব্যবস্থাপনাকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। মনে হচেছ কনসালটেন্ট ঢাকা ওয়াসার কল সেন্টার (১৬১৬২) বা অভিযোগ কেন্দ্র সম্পর্কে অবগত নন। এছাড়া দুর্নীতির তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কল সেন্টার বিভাগে যোগাযোগ না করে কতিপয় স্বার্থান্বেষী গণমাধ্যমের প্রতিবেদনের উপর নির্ভর করেছেন, যা কাম্য নয়।
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডিএমডি অর্থ-সৈয়দ গোলাম আহাম্মদ, মো. সিরাজউদ্দিন, প্রধান প্রকৌশলী আবুল কাশেম,বাণিজ্যিক ব্যাবস্থাপক উত্তম কুমার রায়, টিআইবির পরিচালক আউটরিচ ও কমিউনিকেশন ড. রেজওয়ান-উল-আলম প্রমুখ।