নেপালের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর বাংলাদেশের

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৬
ইত্তেফাক রিপোর্ট দ্বৈত কর পরিহারের লক্ষ্যে নেপালের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমন্ডুতে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং নেপালের রেভিনিউ বিভাগের সেক্রেটারি লাল শংকর ঘিমির। চুক্তি স্বাক্ষরের ফলে উভয় দেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে এনবিআর। গতকাল এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, দ্বৈত কর হলো একই পণ্য, সেবা বা আয়ের উপর একাধিকবার কর। অর্থাত্ নেপালের সঙ্গে বাংলাদেশের যে কোনো ধরনের বিনিয়োগ কিংবা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশই কর কর্তন করে। দ্বৈত কর ব্যবস্থার কারণে বিনিয়োগ নিরুত্সাহিত হয়। দ্বৈত কর পরিহার চুক্তি বাস্তবায়ন হলে একই আয়ের উপর একবার কর কর্তন করা হলে অন্য দেশে আর কর্তন করা হবে না। একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের উপর যাতে দুই দফা কর দিতে না হয়, সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে। বাংলাদেশও ইতোমধ্যে বেশকিছু দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি করেছে। এ পর্যন্ত ৩৫টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে বাংলাদেশ।