উন্নত কাগজে ১০০ টাকার নতুন নোট আসছে কাল

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করা হয়েছে। গভর্নর ফজলে কবির এর স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে (গ্লোসি) অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর উপর কলম দ্বারা লিখা কঠিন হবে। এছাড়া, এ নোটটি ব্যবহারের সময় প্রচলিত নোটের মত খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে। উল্লেখ্য, ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে।