ক্লার্ককে মিস করবে ক্রিকেট বিশ্ব: সাকিব

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৩:২৪
অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর সিরিজ শেষে অবসরের ঘোষণা দিলেন মাইকেল ক্লার্ক। এ কারণে বাংলাদেশ সফরে ক্লার্ককে ছাড়াই অজিদের আসতে হবে। 
 
এদিকে অজি অধিনায়কের এমন বিদায়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্লার্ক একজন গ্রেট ক্রিকেটার। তিনি সেরা অধিনায়ক ও অসাধারণ একজন মানুষ। ক্রিকেট বিশ্ব তাকে প্রচুর মিস করবে। 
 
সাকিব আরও জানান, অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানদের মধ্যে ক্লার্ক অন্যতম। ক্লার্ক অজিদের ৪৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আর ক্রিকেটে তিনি দীর্ঘ ১১ বছর সফলতার সঙ্গে কাটিয়েছেন। 
 
বিদায় বেলা ক্লার্ক বলেছিলেন, আমি অজি দলের নেতৃত্ব দিতে পেরে গর্বিত। তবে আমি গত কয়েক মাসে নিজের পারফরম্যান্সে খুশি না। সুতরাং আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চাই আমার জায়গায় ভালো একজন ক্রিকেটার আসুক।
 
বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া দলের নতুন ‍অধিনায়কের নাম ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এ পজিশনের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে ধরা হচ্ছে স্টিভেন স্মিথকে।