লাল কার্ডের বিপক্ষে আপিল করবে চেলসি

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৯:০৪
 
শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানোর মাধ্যমে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু ম্যাচটিতে গোলরক্ষক থিবাট কোরটোয়িসের লাল কার্ড দলের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সেই লাল কার্ডের বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছে ব্লুজরা।
 
সোয়ানসি স্ট্রাইকার বাফেটিম্বি গোমিসকে ৫২ মিনিটে একটি নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করার অপরাধে ২৩ বছর বয়সী কোরটোয়িসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ঐ সময় ম্যাচে চেলসি ২-১ গোলে এগিয়ে ছিল। এরপর গোমিস স্পট কিক থেকে আসমির বেগোভিচকে পরাস্ত করে গ্যারি মোঙ্কের দলকে এক পয়েন্ট উপহার দেন। বিপরীতে হোসে মরিনহোর দল জয় ছাড়াই মৌসুম শুরু করে। কোরটোয়িসকে যদি এক ম্যাচ বহিষ্কার করা হয় তবে রবিবার ইতিহাস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার ফুটবল এসোসিয়েশনের কাছে কোরটোয়িসের লাল কার্ডের বিপক্ষে চেলসির আপিল করার কথা রয়েছে।

খবর বাসসের।