দারুণ শুরু সিটির

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ২১:২৩
 
মিডফিল্ডার ইয়া ইয়া তোরের জোড়া গোলে ওয়েস্ট ব্রম উইচ অ্যালবিয়নকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এটাই কোনো দলের সবচেয়ে বড় জয়।
 
ওয়েস্টব্রমের মাঠে অনুষ্ঠিত খেলাটির শুরু থেকেই আক্রমণে যায় অতিথি সিটি। আক্রমণের ফল পেতেও খুব বেশি দেরি হয়নি তাদের। নবম মিনিটেই দলকে এগিয়ে নেন তোরে। জেসাস নাভাসের জোগান থেকে সহজ ডান পায়ের শট ওয়েস্টব্রমের জালে বল জড়ান তোরে। আইভরি কোস্টের এই মিডফিল্ডারের নৈপূণ্যে দ্বিতীয় গোলটিও পায় সিটি। ২৪তম মিনিটে স্বদেশী স্ট্রাইকার উইলফ্রেড বোনির সহায়তায় জোড়া গোল পূর্ণ করেন ৩২ বছর বয়সী তোরে।
 
দ্বিতীয়ার্ধে সিটিকে তৃতীয় গোলটি উপহার দেন ভিনসেন্ট কোম্পানি। স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার কর্নার কিকে হেড করে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ডিফেন্ডার। খেলার বাকি সময়ে সিটি আরো কিছু গোলের সুযোগ পেলেও প্রকিপক্ষের রক্ষণব্যুহ ভেদ করা যায়নি।