স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ২১:৪২
জেলায় পরকীয়া প্রেমের জের ধরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী তার প্রেমিকসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জেলার নন্দীগ্রাম উপজেলার মুরগীর খামার ব্যবসায়ী রুহুল আমিন হত্যা মামলার রায় দিতে গিয়ে এ আদেশ দেন।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, রুহুল আমিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩২), তার প্রেমিক এক উপজেলার কাথম গ্রামের আরিফুল ইসলাম (২৫) এবং  আরিফুলের বন্ধু  কাহালু উপজেলার চান্দাই গ্রামের জাকারিয়া (২৮)।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার মাজগ্রামের সোলায়মান আলীর পুত্র এবং মুরগীর খামারী রুহুল আমিন ২০০৯ সালে ২১ অক্টোবর খুন হন এবং খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায়  তার ভাই আবদুল হাকিম বাদী হয়ে পরদিন নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। এরপর স্ত্রী সাবিনাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আরিফুল ইসলামের সঙ্গে সাবিনা ইয়াসমিনের পরকীয়া প্রেমের জের ধরে রুহুল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে চার্জসিট দাখিল করা হয়।
 
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রেজাউল হক ও নাসিমুল করিম এবং আসামি পক্ষে ছিলেন আবদুল বাসেদ ও শান্ত রানী।