উয়েফা সুপার কাপের শিরোপা জেতার মধ্য দিয়ে জাভির পাশে নাম লেখালেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনাকে বিদায় জানানোর আগে ক্লাবটির হয়ে জাভির ২৫টি শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছেন তারা।
মঙ্গলবার রাতে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে লুইস এনরিকের দল। মেসি-ইনিয়েস্তার এটি তৃতীয় উয়েফা সুপার কাপ জয়। মেসি-ইনিয়েস্তা স্পেনের সুপার কাপও তিনটি করে জেতেন। দুটি করে জেতেন ক্লাব বিশ্বকাপ। সাতটি লিগ শিরোপা জয়ের পাশাপাশি চারটি চ্যাম্পিয়ন্সও লিগ জেতেন তারা। কোপা দেল রের শিরোপা তুলে ধরেন তিনবার।
জাভি বার্সেলোনায় তার ১৭ মৌসুমের ক্যারিয়ারে জেতেন ছয়টি স্প্যানিশ সুপার কাপ, আটটি লিগ শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি কোপা দেল রে।
জাভির এই সংখ্যাটা আর বাড়বে না। তবে তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে মেসি-ইনিয়েস্তার। বার্সার হয়ে ২৬তম শিরোপা আগামী সোমবারই জিততে পারেন তারা।
