মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে স্কুল শিশুরা বৃহস্পতিবার এক যোগে ছয় লাখ গাছের চারা রোপণ করবে। বিপুল সংখ্যক চারা সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচি অনুযায়ী জেলার প্রায় তিন লাখ শিক্ষার্থী দু’টি করে গাছ রোপণ করবে এবং নিজ দায়িত্বে তা পরিচর্যা করবে।
গত বছর ১৪ আগস্ট একযোগে শিশুদের একটি করে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেছিলেন পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এর অধিকাংশই এখন বেড়ে উঠছে। তাই এবার দু’টি করে গাছ রোপণের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।
একই সময় জেলার ৬টি উপজেলার ৭৭৩ টি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হবে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই এখন চারা সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। জেলার বিভিন্ন নার্সারি বনবিভাগ এমনকি জেলার বাইরের রংপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকেও সংগ্রহ করছে এই চারা। পঞ্চসারের আরতি নার্সারিতে গিয়ে দেখা যায় চারা প্রায় শেষ। তারা রংপুর থেকে ১০ হাজার গাছের চারা ট্রাকে করে নিয়ে এসেছেন। অন্যদিকে শহরের এভিজেএম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ১ হাজার ৭ শিক্ষার্থীর জন্য গাজীপুর থেকে ৩ হাজার ৩ শ’ হাজার গাছের চারা আনা হচ্ছে বলে জানান বিদ্যালয়টির শিক্ষক তৌফিক হাসান।
কর্মসূচীর উদ্যোক্তা এবং জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এতে শিশুদের পরিবেশের সাথে একাত্মতা, জাতির পিতার প্রতি সম্মান সর্বোপরি দেশপ্রেমিক, পরিবেশ সচেতন নাগরিক সৃষ্টিসহ নানা বিষয় জড়িয়ে রয়েছে এই কর্মসূচীর পেছনে। গোটা দেশব্যাপী এই কর্মসূচী নেয়া গেলে শিশুদের মানসিক পরিবর্তনের পাশাপাশি বনায়নেও বিপ্লব ঘটবে।
'নতুন প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ' স্লোগানে আয়োজিত এই কর্মসূচী বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ-শ্যামল সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম ও পরিবেশ সচেতন করা জরুরি। তাই জেলা প্রশাসক ফাউন্ডেশনের এই কর্মসূচী কার্যকর ভূমিকা রাখবে।
