‘সুপেয় পানির জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে’

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ২০:৪০
 
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমানে পানির স্তর গড়ে ৩ মিটার, আবার কোনো কোনো স্থানে ১০ মিটার নীচে নেমে গেছে। এতে হাজারো রকমের রি-অ্যাকশন শুরু হয়েছে। আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সুপেয় পানির জন্যই হবে।’
 
বুধবার দুপুরে কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) পল্লী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়কে ১৬ কোটি মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। এজন্য জেলা পরিষদের পুকুরগুলো খনন করে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। এছাড়া যেসব খাল ও নদী মারা গেছে, এগুলো খনন করে পানির প্রবাহ বৃদ্ধি করতে হবে।’
 

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের উপদেষ্টা ও সাবেক সিএসপি সচিব রশিদ ফারুকী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম.এ কাদের সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আবদুল জলিল মিঞা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক এম.এ মতিন, বাপার্ড এর মহাপরিচালক শওকত আকবর, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।