খুলনায় ওয়ার্ড কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ০৯:২৯
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২ নম্বর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগমের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে নজুকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে। 
 
বুধবার রাত ১০টা ৩২ মিনিটের সময় নগরীর নতুন রাস্তা মোড়স্থ বিজিবি খুলনা সেক্টর সদর দপ্তর সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 
 
নগরীর দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বত্তরা বুধবার রাত ১০টা ৩২ মিনিটের সময় নতুন রাস্তা মোড়স্থ বিজিবি খুলনা সেক্টর সদর দপ্তর সংলগ্ন ১শ’ গজের মধ্যে তাকে গুলি করে। গুলি তার মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা ঘটনার সাথে জড়িত সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
 
এদিকে নিহতের মা ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মঙ্গলবার তার ছেলের সঙ্গে স্থানীয় ‘রনি ভিলার’ সোহেলের বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনায় সে তাকে হুমকি দেয়। তার জের ধরে তার ছেলেকে হত্যা করা হতে পারে বলে তিনি সন্দেহ করছেন।