বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৩:৪২
মানিকগঞ্জে মঈন বিশ্বাস (২২) নামে এক বিকাশ কর্মীকে পায়ে গুলি করে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আরেক রিকশা চালকও আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড বাজারে এই ঘটনা ঘটে।
 
গুলিতে আহত বিকাশ কর্মী মঈন বিশ্বাস সদর উপজেলার পোড়রা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। রিকশা চালক মজনু মিয়া (৪০) গিলন্ড গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, বাস থেকে নেমে ওই বিকাশ কর্মী গিলন্ড বাজারে জি স্যাটেলাইট টেলিকম দোকানের সামনে দাঁড়ালে একটি প্রাইভেটকার থেকে ৪/৫ জন যুবক মঈনের পায়ে গুলি করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। দ্রুত গতিতে পালানোর সময় রিকশা চালক মজনু ওই প্রাইভেটকারে সামনে এলে দুর্বৃত্তরা তাকেও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনার কথা আমরা জেনেছি। এই ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।