গাড়ি আমদানি হচ্ছে অবাধে, তৈরি হচ্ছে না দক্ষ চালক

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৪১

কোনো সমীক্ষা ছাড়াই দেশে অবাধে ট্রাক/কাভার্ডভ্যানের চ্যাসিস ও গাড়ি আমদানি হচ্ছে। কিন্তু সে তুলনায় তৈরি হচ্ছে না দক্ষ চালক। এ অবস্থায় অবিলম্বে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় নেতারা এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার।

সভায় সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, কোনো রকম সমীক্ষা ছাড়াই দেশে গাড়ি আমদানি হচ্ছে। কিন্তু তৈরি হচ্ছে না দক্ষ চালক। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। আর এ বদনামের ভাগিদার হতে হচ্ছে পরিবহনের সাথে সংশ্লিষ্টদের। তিনি অবিলম্বে  দক্ষ চালক তৈরির জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান।

তিনি আরো বলেন, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সমীক্ষা ছাড়াই ট্রাক/কাভার্ডভ্যানের চ্যাসিস আমদানি করছে। চাহিদার তুলনায় অনেক বেশি গাড়ি, তাই নামমাত্র ডাউন পেমেন্টের মাধ্যমে সামান্য পুঁজির মানুষের মাঝে দিয়ে দিচ্ছেন। দেশের অধিকাংশ ট্রাক/কাভার্ডভ্যান কিস্তির মাধ্যমে ক্রয়কৃত। কিন্তু বর্তমান সময়ে দেশে আমদানি ও রফতানি কম থাকায় দেশের প্রায় অধিকাংশ গাড়ি বসে রয়েছে। যার কারণে অনেক মালিক তার গাড়ির কিস্তি সঠিক সময়ে পরিশোধ করতে পারছেন না।