ভারত-বাংলাদেশের ছোটদের ফুটবল লড়াইয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের যুব ফুটবলারদের এমন জয়ে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কর্মব্যস্ততার মধ্যেও গতকাল সিলেট স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছেন। যুব ফুটবলারদের খেলা দেখে তিনি পাঁচ লাখ টাকা বোনাস ঘোষণা দেন। বোনাসের ঘোষণা শুনে অনূর্ধ্ব-১৬ সাফ বাংলাদেশের ফুটবলাররাও যেন আরো উল্লসিত হন। আরো বেশি অনুপ্রাণিত। সিলেটের ক্রীড়াঙ্গনে দারুণ একটা দিন গেছে কাল। আগের ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ এবং ভারত। গতকাল ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ। সেই ম্যাচটা যেন টুর্নামেন্টের অলিখিত ‘ফাইনাল’ ম্যাচেরই রূপ পেল দর্শকের কাছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসাটা বাধ্যতামূলক বলেই শুধু কোচ বিতান সিং এসেছিলেন। আসেননি অধিনায়ক। ভারত-বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ আফগানিস্তান-নেপাল ম্যাচে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। যে দলটি টুর্নামেন্টের ফেভারিট, সেই ভারতকে হারিয়ে দেয়াটা বিরাট কৃতিত্বের বটে। আর এই জয়ে বাংলাদেশ সেমিফাইনালে নেপাল কিংবা আফগানিস্তানকেও হারানোর আত্মবিশ্বাস রাখে। ১৬ আগস্ট বিকালে বাংলাদেশ প্রথম সেমিফাইনালে খেলবে। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপে দুই গ্রুপে খেলছে ছয় দল।
