ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের এই কথা জানান।
মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ। তার বাবার নাম নজরুল হক নান্নু, কিশোরগঞ্জের তাড়াইলের দাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এর আগে নাহিন ও মাসুদকে ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। সে সময় নাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এরপর আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম ইত্তেফাককে বলেন, সন্দেহভাজন হিসেবে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নাহিনকে বিকালে মিরপুর থেকে ও মাসুদকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, নাহিনকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় ডিবি। এরপরই গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার বাদী নীলাদ্রির স্ত্রী আশামনিকে খুঁজে পাওয়া গেছে। গত দুই দিন ধরে তাকে খুঁজছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল তার সঙ্গে কথা বলেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
