ইরানের ওপর থেকে সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৭:৪৫
 
ইরানের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। দেড় বছরেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা স্থগিত রাখার পর বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। -খবর রয়টার্সের।
 
গতমাসে তেহরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। এরই অংশ হিসেবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সুইজারল্যান্ড। এক বিবৃতিতে সুইস কর্তৃপক্ষ বলেছে,‘পারমাণবিক চুক্তি বাস্তবায়নের সমর্থনে একে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে সরকার।’ ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য একে ‘শুভ শুরু’ বলে অভিহিত করেছে সুইজারল্যান্ড।
 
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে গতমাসে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে সম্মত হয় ইরান।