পাকিস্তানের স্বাধীনতা দিবসে মোদীর শুভেচ্ছা

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৮:১০
 
পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে পাকিস্তানীদের শুভকামনা জানান ভারতনেতা। -খবর টাইমস অব ইন্ডিয়ার
 
এক টুইটার বার্তায় শুক্রবার মোদী লিখেছেন,‘অভিনন্দন। স্বাধীনতা দিবসে পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা।’
 
পাঞ্জাবের গুরুদাসপুরে এবং জম্মু-কাশ্মীরের উধমপুরে সম্প্রতি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানী সন্ত্রাসীদের দায়ী করে ভারত। এমনকি উধমপুরে হামলাকারী এক পাকিস্তানীকে হাতেনাতে আটকও করেছে ভারত। অবশ্য তাকে নিজের নাগরিক বলে মানতে নারাজ পাকিস্তান।
 
মোদী এরকম গরম পরিস্থিতিতেই  উষ্ণ অভিনন্দন জানালেন পাকিস্তানকে। ১৪ আগস্ট পাকিস্তান তার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে।