ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্যসম্মত ডিম ও মাংসের জন্য মুরগির মানসম্মত খাবার জরুরি। এজন্য মুরগির খাবারে যাতে কোনো ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার করা না হয় সেদিকে নজর দিতে হবে। চিকিত্সকের প্রেসক্রিপশন ছাড়া খামারিরা যেন এন্টিবায়োটিক কিনতে না পারে তা নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পাঁচ দিনব্যাপী ‘আন্তজার্তিক পোল্ট্রি সেমিনার ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘পোল্ট্রি ফর হেলথ লিভিং’ শ্লোগানকে নিয়ে গতকাল অনুষ্ঠানের প্রথম দিনে বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোল্ট্রি গবেষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এ সেমিনারের আয়োজন করে।
বক্তারা বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই গবেষণা বৃদ্ধি এবং বায়োসিকিউরিটি বাড়িয়ে মানসম্মত উত্পাদনের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কমাতে হবে উত্পাদন ব্যয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়াল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনে বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, ওয়াল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি নিং ইয়ং এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
