গ্রিসের পার্লামেন্টের সমর্থন পাওয়ার পর নতুন একটি বেইল আউট পরিকল্পনায় রাজি হয়েছে ইউরোজেনের অর্থমন্ত্রীরা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লদ জাঙ্কার বলেছেন, ‘চুক্তিটি একটি জোরালো এবং স্পষ্ট বার্তা দেয়—গ্রিস ইউরোজোনে থাকবে।’ খবর বিবিসির।
পাঁচ বছরের মধ্যে এটি হবে গ্রিসের তৃতীয় বেইল আউট। এই সমঝোতার ফলে গ্রিসকে কর বৃদ্ধি এবং আরো কঠিন ব্যয়সংকোচন নীতি অনুসরণ করতে হবে। চুক্তিটির মানে হলো—আগামী তিন বছরে গ্রিস ৯৫ হাজার কোটি ডলার পর্যন্ত নতুন ঋণ পাবে। এর আগে গ্রিসকে ইউরোজোনে রাখা এবং দেউলিয়াত্ব থেকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেইল আউট দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তাতে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার রাতভর দীর্ঘ আলোচনার পর গ্রিক পার্লামেন্টে বিলটি অনুমোদিত হয়।
বেইল আউট চুক্তির জন্য গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। বিষয়টি নিয়ে বামপন্থি সিরিজা পার্টিতে তিনি বিদ্রোহের মুখোমুখি হন। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটির সময় সিরিজা পার্টির ৪০ জনেরও বেশি এমপি বিলটির বিরুদ্ধে ভোট দেয়। তবে বিরোধী দলের এমপিদের সমর্থন পাওয়ায় বিলটি সহজেই পাস হয়ে যায়।
