রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:৩৮
জেলার গোদাগাড়ী উপজেলায় পৃথক অভিযানে এক কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, লক্ষ্মীপুর সদর থানার চর মন্ডল গ্রামের মহিন উদ্দিন (৪৪) ও উপজেলার রেলগেট কসাইপাড়া এলাকার মজিবুর রহমান (৪৫)।
 
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ডাইংপাড়া বাজারে ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি পাঁচ শ গ্রাম হেরোইনসহ মহিন উদ্দিনকে (৪৪) আটক করা হয়। তিনি আমের ঝুড়িতে করে হেরোইন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
 
অন্যদিকে, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার রেলগেট কসাইপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শ গ্রাম হেরোইনসহ মজিবুর রহমান (৪৫) নামের অপর এক হেরোইন ব্যবসায়ীকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, এ সব ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।