ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে রাব্বি হাসান (১২) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জে ইমরান গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার ভেতর এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হাসান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার লবণছাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাব্বির মৃত্যুর সংবাদ শুনে সঙ্গে থাকা মিরাজ নামে এক সহকর্মী পালিয়ে গেলেও হাসপাতালের চিকিত্সক-কর্মচারীরা আক্তার ও সেলিম নামে অপর দুইজনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ কাউকে আটকের কথা অস্বীকার করেছে। সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সেখানকার মর্গে হস্তান্তর করে। তিনি জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।
