যশোরের শার্শায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার সন্ধ্যায় সিরাজুল ইসলাম নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ধর্ষিতার পরিবার ও স্থানীয়রা জানায়, ১৫ আগস্ট ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে রাস্তায় একা পেয়ে সিরাজুল ইসলাম বালুন্ডা বাজারে অবস্থিত তার মুদি দোকানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিত্কারে আশপাশের লোক ছুটে এলে সিরাজুল ইসলাম পালিয়ে যায়।
তারা আরো জানায়, আটক ধর্ষক সিরাজুল ইসলাম এলাকার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার মুখ খুলতে সাহস পায়নি। তবে গ্রামের একটি পক্ষ তাদের পাশে এসে দাঁড়ালে ১৮ আগস্ট দুপুরে ধর্ষিতার মা স্থানীয় ইউপি সদস্য তবিবরের কাছে ধর্ষকের শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে তবিবর ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজুল ইসলাম আত্মগোপনে ছিলেন। অভিযোগ পেয়ে সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।
