পেরুর কংগ্রেস বিমানবাহিনীকে দেশটির আকাশ সীমায় মাদক বহনকারী বিমান ভূপাতিত করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিলটি কংগ্রেসে সর্বসম্মতিক্রমে পাস হয়। খবর এএফপির।
আইনটির আওতায় কোন বিমানে যদি মাদক বহনের 'প্রমাণ' অথবা 'যুক্তিসঙ্গত সন্দেহ' দেখা দেয় তবে বিমান বাহিনী সেটিকে ভূপাতিত করতে পারবে। লিমা এর আগেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু ভুলবশত একটি মার্কিন মিশনারিদের বিমান ভূপাতিত করার পর উদ্যোগটি স্থগিত করা হয়েছিল। ওই ঘটনায় ২ জন প্রাণ হারায়।
বিলটিকে আইনে পরিণত হতে হলে প্রেসিডেন্ট ওলান্তা হুমালার স্বাক্ষর প্রয়োজন। পেরুতে বছরে ৬০০ থেকে ১ হাজার অবৈধ মাদক বহনকারী বিমান চলাচল করে। এগুলো অধিকাংশই বলিভিয়া থেকে আসে।
