নাব্য সংকটে শিমুলিয়া (মাওয়া)-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই পারে সাত শতাধিক যান আটকা পড়ে আছে। শুক্রবার বিকাল ৫টায় ফেরি সার্ভিস বন্ধ হবার পর শনিবার সারাদিনে শিমুলিয়া থেকে ফেরি ছেড়ে গেছে মাত্র ৭টি। তার মধ্যে ২টি গন্তব্যে পৌছতে পারলেও বাকি ৫টি ফেরি ঘাটে ফিরে এসেছে। এতে দুর্ভোগে পড়েছে অসংখ্য যাত্রী।
বিআইডব্লিউটিএর মাওয়ার সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বলেন, ‘নাব্যতা সংকটের কারণে দুই সপ্তাহের অধিক সময় ধরে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। শনিবার সকাল ৯টায় ‘ফেরি ফরিদপুর’ সাবেক হুইপ নুরে আলম চৌধুরী লিটন এমপিকে নিয়ে রওনা হলেও লৌহজং টানিং পার হতে পারিনি। দেড় ঘন্টা চেষ্টা করে তাকে নিয়ে ফিরে আসে ফেরিটি। পরে তিনি স্পিটবোডে নদী পারি দেন।’
পরবর্তীতে জোয়ারে টানা ফেরি টাপলু, লেন্টিং, যমুনা, রানীক্ষেত ও রামশ্রী সকাল ১০টা পরে শিমুলিয়া ঘাট ছেড়ে গেলেও লৌহজং টানিং পার হতে পারেনি। এগুলো শিমুলিয়া ঘাটে ফিরে আসে। এছাড়া বেলা ১১ টা ও সাড়ে ১২টার দিকে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কে টাইপ ফেরি ক্যামেলিয়া ও কুসুমকলি লৌহজং টানিং পয়েন্ট অতিকষ্টে পারি দিয়ে কাওড়াকান্দি ঘাটে পৌছতে সক্ষম হয়। ওপারে কোনো ফেরি না থাকায় কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি ছেড়ে আসেনি।
মাওয়া নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই ইউনুছ আলী বলেন, ‘ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কিছু কিছু প্রাইভেট কার ফিরে গেলেও বাকিরা অপেক্ষায় আছে। তবে এ অবস্থা কখন দূর হবে তা বলা যাচ্ছে না।’
