আবার অমিতাভের সঙ্গে অভিনয়

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৪২

g রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

নয়না শেঠি সুন্দরী, স্মার্ট, তরুণী। একজন উদ্যোক্তা হিসেবে বেশ নাম ডাক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে নয়না পরকীয়ায় জড়িয়ে পড়ে। হঠাত্ একটি বন্ধ হোটেল রুমে নিজেকে সে আবিষ্কার করে প্রেমিকের মৃতদেহের পাশে। এটা কিভাবে সমম্ভব হলো! কোনোভাবেই মেনে নিতে পারে না নয়না। অনেক প্রশ্নের জবাব খুঁজতে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কিছুতেই এর সুরাহা করা সম্ভব হয় না। একপর্যায়ে একজন বয়স্ক সিনিয়র আইনজীবী বাদল গুপ্তকে নিয়োগ করে নয়না। অজানা প্রশ্নের জবাব খুঁজতে বাদল গুপ্ত মাঠে নেমে পড়ে। টান টান উত্তেজনার মধ্যে কাটতে থাকে সময়। মূল রহস্যের খোঁজে শুরু হয় অনুসন্ধানী তত্পরতা। চরম নাটকীয়তা শেষে জানা যায় মূল ঘটনা। এ সপ্তাহের বলিউডি সিনেমা ‘বদলা’ নির্মিত হয়েছে এমন থ্রিল-সাসপেন্সপূর্ণ নাটকীয় কাহিনি নিয়ে। এ সিনেমায় নয়না শেঠির ভূমিকায় দেখা যাবে তাপসি পান্নুকে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা ‘দ্য ইনভিজিবল গেস্ট’ অবলম্বনে ‘বদলা’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির পরিচালক সুজয় ঘোষ। তাপসি পান্নু এর আগে ‘পিঙ্ক’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিঙ্ক’ সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের সাফল্য অর্জনের পাশাপাশি ব্যাপক সাড়া জাগিয়েছিল। ওই সিনেমায় অমিতাভ বচ্চন ও তাপসি পান্নুর দুর্দান্ত অভিনয়ের কথা দর্শক অনেকদিন মনে রাখবে। আবার তারা দুজন একসঙ্গে রুপালি পর্দায় আসছেন ‘বদলা’ নিয়ে। থ্রিলার ড্রামা ধাঁচের সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে। সাধারণত রেড চিলিসের সিনেমায় শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেন। মজার ব্যাপার হলো, রেড চিলিস প্রযোজিত সিনেমা ‘বদলা’য় শাহরুখ খান নেই। ‘বদলা’ সিনেমায় তাপসি পান্নুর অভিনয় দেখার প্রতীক্ষায় রয়েছে প্রচুর দর্শক। গত বেশ কয়েক বছরে একজন সুঅভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন ৩১ বছর বয়সী এই নায়িকা।